জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে উদ্ধার দুই পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারের জঙ্গল থেকে বৃহস্পতিবার দুই স্পেশ্যাল পুলিশ অফিসারের (এসপিও) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম রসপাল কুমার (৪০) এবং ববি চন্দ (৫৪)। তাঁরা দচ্ছন থানায় কর্মরত ছিলেন। বুধবার বিকেলে দচ্ছন-মারওয়া এলাকায় সেনার সঙ্গে টহলদারি চালানোর সময় তাঁরা নিখোঁজ হয়ে যান। ধেরনায় সেনাচৌকিতে যাওয়ার পথে তাঁদের আর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ওই এলাকায় গুলির আওয়াজ শোনা গিয়েছিল। নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ফোন বন্ধ হয়ে যায়। খবর পাওয়ার পরই রাষ্ট্রীয় রাইফেলস্ এবং পুলিশের যৌথবাহিনী রাতভর তল্লাশি অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার ভোরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাঁদের দেহ উদ্ধার হয়। দেহের পাশ থেকে তাঁদের ব্যবহৃত বন্দুকও পাওয়া গিয়েছে।
এই ঘটনায় জঙ্গি হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে। উল্লেখ্য, বুধবারই কুলগামে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কিশ্তওয়ারে দুই পুলিশ অফিসারের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।