চাকরির নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, মাথাভাঙায় তৃণমূল নেতার বাড়ি ঘেরাও!

কোচবিহারে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, উত্তাল মাথাভাঙা

কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্যামল বর্মনের বিরুদ্ধে প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এই অভিযোগকে কেন্দ্র করে ওই নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী যুবক রাজেন্দ্র সাহুসেনার অভিযোগ, ২০১৬ সালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে সাড়ে আট লক্ষ টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না মেলায় ভুক্তভোগী চার লক্ষ টাকা ফেরত পেলেও, বাকি চার লক্ষ টাকা উদ্ধারের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়াও ওই নেতার বিরুদ্ধে জমি বিবাদ মিটিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া এবং সরকারি রাস্তার পাথর চুরির মতো একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিজেপির কর্মী-সমর্থকদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়। বর্তমানে অভিযুক্ত তৃণমূল নেতা চিকিৎসার জন্য ভিনরাজ্যে রয়েছেন বলে তাঁর পরিবার জানিয়েছে। অভিযুক্তের স্ত্রী তাপসী বর্মন সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন। পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *