আবার দুর্যোগের ভ্রুকুটি! কলকাতা ও উত্তরবঙ্গে আজ ধেয়ে আসছে প্রবল বৃষ্টিপাত!
কলকাতা: বৃহস্পতিবারের দুর্যোগের রেশ কাটতে না কাটতেই আবারও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে এবং রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও বীরভূমে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে।
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী ১ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে শনি ও রবিবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটার ছাড়িয়ে যেতে পারে। দুর্যোগের ফলে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে এবং তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকায় প্রশাসন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকা এবং পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।