চলন্ত লোকালে দরজা নিয়ে বচসা, যাত্রীকে কুপিয়ে নজিরবিহীন খুন!
June 25, 2026
মুম্বইয়ের চার্চগেট-নাল্লাসোপারা ফাস্ট লোকালে ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বচসার জেরে এক সহযাত্রীকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে ট্রেনের কামরায় ওই বচসার সময় ২২ বছর বয়সি মায়াঙ্ক রমেশ লোহার নামে এক যুবককে ছুরি দিয়ে আক্রমণ করেন এক যাত্রী। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মায়াঙ্কের মৃত্যু হয় এবং বোরিভেলি স্টেশনে ট্রেনটি পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে বুধবার বিকেলে রোশান সুবর্ণ নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্য চলন্ত ট্রেনে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিত্যযাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিস্থিতিতে পশ্চিম রেলের কর্মকর্তারা ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।