চলন্ত ট্রেনে মোহন ভাগবতের ওপর পাথর হামলা!

উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় দিল্লিগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে পাথর হামলার মুখে পড়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ট্রেনটি মাকখানপুর স্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ই-১ কোচে পাথর ছুড়লে জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় মোহন ভাগবত অক্ষত ও সুরক্ষিত রয়েছেন এবং ট্রেনে থাকা অন্য কোনো যাত্রীও আহত হননি।

ঘটনার পর টুন্ডলা স্টেশনে ট্রেনটি আপৎকালীনভাবে থামিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। খবর পেয়ে আগ্রা জোনের এডিজি ও ডিআইজি ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে ফিরোজাবাদ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসেও মোহন ভাগবতকে লক্ষ্য করে অনুরূপ পাথর হামলার ঘটনা ঘটেছিল। পরপর ঘটে যাওয়া এসব ঘটনায় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *