২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’! আসছেন প্রধানমন্ত্রী?
দেশভাগের প্রকৃত ইতিহাস এবং পশ্চিমবঙ্গের জন্মলগ্নকে স্মরণ করতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে প্রথমবার সরকারিভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হবে। এই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশিকা জারি করা হয়েছে। তারকেশ্বরে আয়োজিত এই দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক প্রেক্ষাপটে তারকেশ্বরকেই এই অনুষ্ঠানের স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে, কারণ এখানেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম বাংলা ভাগের প্রস্তাব গ্রহণ করেছিলেন।
রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হবে, যেখানে পুলিশ সুপার, বিধায়ক ও সাংসদরা সদস্য হিসেবে থাকবেন। রাজ্যের গৌরবময় ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন বাধ্যতামূলক। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর বর্তমান রাজ্য মন্ত্রিসভা ২০ জুনকে আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে অনুমোদন দেয়। এর পরদিন, ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন।