গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলা: আদালতে আত্মসমর্পণ পার্থ চট্টোপাধ্যায়ের, মিলল জামিন

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলা: আদালতে আত্মসমর্পণ পার্থ চট্টোপাধ্যায়ের, মিলল জামিন

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন পার্থ চট্টোপাধ্যায়। তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে মামলা করার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর তা আদালতে জমা দিয়েছিল। সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

আদালত ভবনে লিফ্‌টের ব্যবস্থা না থাকায় শারীরিক অসুস্থতার কারণে দোতলায় উঠতে পারেননি পার্থ। তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে মেডিক্যাল রিপোর্ট জমা দিয়ে জানান, কোমর্বিডিটির কারণে সিঁড়ি দিয়ে ওঠা তাঁর মক্কেলের পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে বিচারক তাঁকে নিচতলায় গাড়িতে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেন।

শুনানি শেষে সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক। তবে আদালত তাঁর জামিনের ক্ষেত্রে মোট ছয়টি শর্ত আরোপ করেছে। শারীরিক অসুস্থতার কারণেই তিনি সশরীরে আদালতকক্ষে উপস্থিত হতে পারেননি বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *