গণনার আগে রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব তৃণমূলের! দমদম-ব্যারাকপুর সামলাবেন প্রাক্তন ডিজি
রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এই হাই-ভোল্টেজ গণনার দিন দলের রণকৌশল সাজাতে এবং নজরদারি আরও জোরদার করতে এবার অভিজ্ঞ প্রাক্তন পুলিশ কর্তা তথা বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব কুমারকে ময়দানে নামাল তৃণমূল কংগ্রেস। সোমবার গণনার দিন তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিজ্ঞতার ওপর ভরসা মমতার
প্রাক্তন ডিজি রাজীব কুমার আইনি এবং প্রশাসনিক বিষয়গুলোতে অত্যন্ত দক্ষ বলেই পরিচিত। রাজনীতির আঙিনায় পা রাখার পর এবারই প্রথম বিধানসভা নির্বাচনের মোকাবিলা করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, দমদম ও ব্যারাকপুরের মতো স্পর্শকাতর এলাকায় গণনার সময় কোনও জটিলতা তৈরি হলে রাজীব কুমারের অভিজ্ঞতা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে। কেবল রাজীব কুমারই নয়, দলের তরফে জানানো হয়েছে যে রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় এই ধরণের অভিজ্ঞ নেতাদের গণনা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।
সাংগঠনিক জেলা ধরে ধরে নজরদারি
তৃণমূল সূত্রের খবর, ৪ মে গণনাকেন্দ্রগুলোর প্রতিটি টেবিলের ওপর কড়া নজর রাখতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি সাংগঠনিক জেলার পর্যবেক্ষকরা সরাসরি দলের উচ্চনেতৃত্ব এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখবেন। বিশেষ করে ইভিএম গণনা থেকে শুরু করে পোস্টাল ব্যালট এবং ভিভিপ্যাট মেলানোর সময় কোনও অনিয়ম চোখে পড়লে তৎক্ষণাৎ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই পর্যবেক্ষকদের।
গণনার আগের স্নায়ুর লড়াই
দমদম এবং ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিনের। গত কয়েক দফায় এই এলাকায় একাধিক অশান্তির ঘটনাও ঘটেছে। সেই দিক থেকে রাজীব কুমারের মতো এক ব্যক্তিত্বকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবং গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে তৃণমূলের এই ‘মাইক্রো-ম্যানেজমেন্ট’ ৪ মে-র ফলাফলে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।