খুনিদের পাতাল থেকেও খুঁজে আনার হুঁশিয়ারি, বাগনানে নিহত কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী!
বাগনানে দলীয় কর্মী প্রশান্ত দে-র হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী। শনিবার বিকেলে নিহতের বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন। অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে তাদের পাতাল থেকে তুলে এনে আইনের আওতায় আনা হবে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া বন্ধ করতে তিনি সব রকম প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
গত ১৭ জুন রাতে বাগনানের বাঁটুল গ্রামে বুথ সহ-সভাপতি প্রশান্ত দে-কে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় শাসক দলের স্থানীয় উপপ্রধান মফিজুল রহমান ও তাঁর সঙ্গীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্তরা পলাতক থাকলেও, ইতিমধ্যেই ৫১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।