ক্যামেরার সামনেই সাংবাদিককে চুমু, ভাইরাল ভিডিও নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়!
চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম দিনে স্টুডিওর বাইরে সরাসরি সম্প্রচার চলাকালীন দক্ষিণ কোরিয়ার এক সাংবাদিককে মেক্সিকোর এক নারী সমর্থকের জড়িয়ে ধরে চুমু খাওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। জাপোপান শহরের এস্তাদিও গুয়াদালাহারা স্টেডিয়ামের বাইরে পেশাগত দায়িত্ব পালনের সময় ওই নারী সমর্থক আচমকা পেছন থেকে এসে সাংবাদিকের গালে চুমু খান। অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে ওই সাংবাদিক অস্বস্তিতে পড়লেও হাসি মুখে নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। এক পক্ষ এটিকে ‘যৌন হেনস্তা’ হিসেবে অভিহিত করে প্রশ্ন তুলেছে যে, লিঙ্গভেদে অপরাধের সংজ্ঞা ভিন্ন হওয়া উচিত কি না। তাদের দাবি, কোনো পুরুষ যদি নারী সাংবাদিকের সাথে এমন আচরণ করতেন, তবে সেটি বড় অভিযোগ হিসেবে গণ্য হতো। অন্যদিকে, আরেকটি অংশ বিষয়টিকে মেক্সিকান সংস্কৃতির অতি-উচ্ছ্বাস হিসেবে দেখছেন। তবে অনুমতি ছাড়া পেশাদার সাংবাদিকের সাথে এমন আচরণ ক্রীড়া সংস্কৃতির মার্জিত রূপ ও ব্যক্তিগত শালীনতার সীমানা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।