কোটি টাকার গরমিল! ১৫ মন্ত্রকের রিপোর্ট ফাঁস!

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে কেন্দ্রীয় সরকারের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

সম্প্রতি সংসদের এক রিপোর্টে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ) কেন্দ্রীয় সরকারের আর্থিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। রিপোর্টে দেখা গেছে, দেশের অন্তত ১৫টি মন্ত্রক তাদের প্রকল্পের জন্য বরাদ্দ করা ৫৪,২৮২.৩২ কোটি টাকার খরচের কোনো হিসাব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট (ইউসি) জমা দেয়নি। নিয়ম অনুযায়ী, অর্থবর্ষ শেষ হওয়ার ১২ মাসের মধ্যে এই হিসাব দেওয়ার কথা থাকলেও, বছরের পর বছর ধরে তা উপেক্ষা করা হয়েছে।

আর্থিক গরমিলের এই তালিকায় আবাসন ও শহুরে কার্য মন্ত্রক, উচ্চশিক্ষা মন্ত্রক, আয়কর বিভাগ এবং পরমাণু শক্তি বিভাগ অন্যতম। এসব মন্ত্রকের অধীনে মোট ১৮,২৭২.৯১ কোটি এবং ১৪,৩৫৯.৭৬ কোটি টাকার হিসাব জমা পড়েনি। এছাড়াও, ১২,৭৫৪.৪৭ কোটি টাকা এক খাতে বরাদ্দ হওয়া সত্ত্বেও অন্য খাতে খরচ দেখানো হয়েছে। আয়কর বহির্ভূত খরচকেও আয়করের আওতায় দেখিয়ে প্রায় ৪,০১১.৯১ কোটি টাকার অসঙ্গতি তৈরি করা হয়েছে।

বিশেষ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে স্বাস্থ্য ও শিক্ষা সেস সংক্রান্ত রিপোর্টে। ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা নিধি’ এবং ‘প্রারম্ভিক শিক্ষা কোষ’ বাবদ সংগৃহীত ৯,২২২ কোটি টাকা সরকারি রাজকোষে জমা পড়েনি বলে ক্যাগ জানিয়েছে। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে ইউসি জমা না দেওয়ার প্রবণতা বেশি দেখা গেছে, যার আর্থিক মূল্য প্রায় ৩৮,২৮৭.৫২ কোটি টাকা। সরকারি তহবিলের এই অব্যবস্থাপনা প্রশাসনিক স্বচ্ছতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *