কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, চার বছর পর ল্যাপটপ নিজের কাছে রাখার সুযোগ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার। নতুন নিয়ম অনুযায়ী, অফিসের কাজের জন্য ব্যবহৃত ল্যাপটপ, ট্যাবলেট বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার বছর ব্যবহারের পর কর্মীরা বিনামূল্যে নিজেদের কাছে রাখতে পারবেন। তবে এই সুবিধা পাওয়ার আগে ডিভাইস থেকে সমস্ত সরকারি তথ্য মুছে ফেলা বাধ্যতামূলক। ১০ নভেম্বর জারি করা এই নির্দেশিকায় পুরনো নিয়ম বাতিল করে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে।
নতুন নিয়মে ডিভাইস কেনার সর্বোচ্চ সীমা বাড়িয়ে ১.৮ লক্ষ টাকা (জিএসটি অতিরিক্ত) করা হয়েছে, যদি ডিভাইসে ৪০ শতাংশের বেশি ‘মেক ইন ইন্ডিয়া’ উপাদান থাকে। এই শর্ত পূরণ না হলে সর্বোচ্চ সীমা ১.৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। ল্যাপটপ ও ট্যাবলেটের পাশাপাশি নোটপ্যাড, আলট্রাবুক ও নোটবুক কেনার সুযোগ থাকলেও মোবাইল ফোন এই তালিকার অন্তর্ভুক্ত নয়। পে লেভেল ১২ ও তার ওপরের স্তরের আধিকারিকরা এই সুবিধার জন্য সরাসরি যোগ্য বলে বিবেচিত হবেন। পে লেভেল ৮ থেকে ১১-এর কর্মীদের ক্ষেত্রে পদের সংখ্যার ভিত্তিতে ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত এই সুবিধা দেওয়া হতে পারে।
এই নিয়ম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং অধীনস্থ অফিসগুলিতে কার্যকর হবে। তবে রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত সংস্থা বা কনসালটেন্টরা এই সুবিধার আওতায় পড়বেন না। চার বছর পূর্ণ হওয়ার আগে কেউ অবসর নিলে বা চাকরি ছাড়লে নির্দিষ্ট মূল্য জমা দিয়ে ডিভাইসটি নিজের কাছে রাখা সম্ভব। এছাড়া চার বছরের মধ্যে সাধারণত নতুন ডিভাইস দেওয়া হবে না, তবে ডিভাইসটি মেরামতের অযোগ্য হলে বিশেষ ছাড় মিলতে পারে।