কুলগামে হামলার দিনই কিশ্তওয়ারের জঙ্গলে নিখোঁজ দুই পুলিশ আধিকারিক

কুলগামে হামলার দিনই কিশ্তওয়ারের জঙ্গলে নিখোঁজ দুই পুলিশ আধিকারিক

জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলার দিনই কিশ্তওয়ারের দেহরনা জঙ্গলে দুই পুলিশ আধিকারিক নিখোঁজ হয়ে গিয়েছেন। বুধবার বিকেলে ওই জঙ্গল এলাকায় গুলির শব্দ শোনা যায়। এরপর থেকেই বিশেষ পুলিশ অফিসার বা এসপিও পদমর্যাদার ওই দুই আধিকারিকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁরা ওই সময় জঙ্গল পথ দিয়েই যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই আধিকারিক ইন্দরওয়ালের বসনন এলাকায় ১৭ রাষ্ট্রীয় রাইফেল্‌সের অস্থায়ী ঘাঁটিতে ফিরছিলেন। এলাকাটি মারওয়া থানার অন্তর্গত। ঘটনার সময় ওই এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা ছিল বলেও খবর পাওয়া গিয়েছে। সন্ধ্যায় নিখোঁজ আধিকারিকদের সন্ধানে এসপিও-র একটি বিশেষ দল তল্লাশি অভিযান শুরু করে, তবে রাত পর্যন্ত তাঁদের কোনো হদিস মেলেনি। জঙ্গলে কারা গুলি চালিয়েছিল এবং ঘটনার সঙ্গে কোনো জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, বুধবার কুলগামে সিআরপিএফের নাকা চৌকিতে দুই সন্ত্রাসবাদী মোটরবাইকে চেপে এসে হামলা চালায়। কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। এই ঘটনায় তিন জওয়ান আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। হামলার পর থেকেই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *