কুলগামে জঙ্গি হামলার দিনই কিশ্তওয়ারের জঙ্গল থেকে নিখোঁজ দুই পুলিশ আধিকারিক

কুলগামে জঙ্গি হামলার দিনই কিশ্তওয়ারের জঙ্গল থেকে নিখোঁজ দুই পুলিশ আধিকারিক

জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলার দিনই কিশ্তওয়ারের দেহরনা জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। বুধবার বিকেল থেকে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুই বিশেষ পুলিশ অফিসার (এসপিও) নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজ আধিকারিকরা ইন্দরওয়ালের বসনন এলাকায় ১৭ রাষ্ট্রীয় রাইফেল্‌সের অস্থায়ী ঘাঁটিতে ফিরছিলেন বলে জানা গিয়েছে। এলাকাটি মারওয়া থানার অন্তর্গত।

ঘটনার পর থেকেই ওই এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। নিখোঁজ আধিকারিকদের সন্ধানে সন্ধ্যায় এসপিও-র একটি বিশেষ দল তল্লাশি অভিযান শুরু করে। তবে রাত পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। জঙ্গলে কারা গুলি চালিয়েছে এবং এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

অন্যদিকে, বুধবার কুলগামে সিআরপিএফের নাকা চৌকিতে হামলা চালায় দুই সশস্ত্র জঙ্গি। মোটরবাইকে চেপে এসে তারা কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তিন জওয়ান আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। হামলার পর থেকেই কুলগাম ও কিশ্তওয়ার উভয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *