কাশ্মীরের জঙ্গলে হিজবুল ডেরার হদিশ, বিপুল অস্ত্রসহ গ্রেফতার খোদ বনকর্মী!

জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার থেকে হিজবুল মুজাহিদ্দিনের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় সন্ত্রাসী কার্যকলাপে সহায়তার অভিযোগে স্থানীয় এক বনকর্মী তারেক আহমেদ গিন্নু এবং মহম্মদ ইকবাল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তারেক আহমেদ গিন্নু হিজবুল জঙ্গি মুদাস্সির হুসেনের বাবা। কিশতোয়ারের দানচান এলাকার তান্দের থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী।

তদন্তে জানা গেছে, বনকর্মী তারেক আহমেদ গিন্নু দীর্ঘদিন ধরে বনাঞ্চলের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সন্ত্রাসীদের আশ্রয় ও সহায়তা দিয়ে আসছিলেন। জিজ্ঞাসাবাদের পর তান্দের এলাকার কানজালগোথ জঙ্গলে তল্লাশি চালিয়ে একটি গোপন আস্তানা খুঁজে পায় নিরাপত্তা বাহিনী। সেখান থেকে ১৬টি একে-৪৭ রাইফেলের কার্তুজ এবং তিনটি আন্ডার-ব্যারেল গ্রেনেড লঞ্চার (ইউবিজিএল) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কিশতওয়ার থানায় অস্ত্র আইন এবং ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি ছত্রু এলাকা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারের সূত্র ধরেই এই চক্রের হদিস মেলে। বর্তমানে এই নেটওয়ার্কটি পুরোপুরি ধ্বংস করতে এবং মুদাস্সির হোসেন ও জাহাঙ্গীর সরুরিসহ শীর্ষ হিজবুল জঙ্গিদের ধরতে ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *