কাশ্মীরের কুলগামে সিআরপিএফ চৌকিতে জঙ্গি হামলা, জখম তিন জওয়ান

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ-এর একটি নাকা চেকিং চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সওয়া ২টো নাগাদ মীরবাজারের নিকটবর্তী আখরান এলাকায় এই হামলা চালানো হয়। বাইকে চেপে আসা জঙ্গিরা আচমকাই জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় তিন জন জওয়ান আহত হয়েছেন।
আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। হামলার পর জওয়ানেরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা বাইক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে জঙ্গিরা কেউ আহত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের ধরতে এলাকায় জোর তল্লাশি অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বৈশাও উৎসবে যোগ দিতে বর্তমানে কুলগাম সফরে রয়েছেন। সেই কারণে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই জোরদার করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নাকা তল্লাশি চলছিল। এমন কড়া নিরাপত্তার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। গত জুলাই মাসেও কুলগাম ও অনন্তনাগে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, যেখানে পুলিশকর্মী ও পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল।