কাশ্মীরের কুলগামে সিআরপিএফের নাকা চেকিংয়ে জঙ্গি হামলা, জখম তিন জওয়ান

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফের একটি নাকা চেকিং চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সওয়া ২টো নাগাদ কুলগাম জেলার মীরবাজারের নিকটবর্তী আখরান এলাকায় এই হামলা চালায় সন্ত্রাসীরা। বাইকে চেপে আসা জঙ্গিরা আচমকাই সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। জওয়ানরাও পাল্টা জবাব দিলে জঙ্গিরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এই আকস্মিক হামলায় তিন জন সিআরপিএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার সময় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ বৈশাও উৎসবে যোগ দিতে কুলগামেই উপস্থিত ছিলেন। সেই কারণে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই জোরদার করা হয়েছিল।
হামলার খবর পাওয়ার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খোঁজে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসেও অনন্তনাগ ও কুলগামে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, যেখানে পুলিশকর্মী ও পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার কয়েক মাস পর ফের কুলগামে আধাসেনা জওয়ানদের লক্ষ্য করে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।