কালিয়াগঞ্জের ‘উৎপল মহারাজ’ কি বাংলার নয়া মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে
বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর এখন রাজ্যজুড়ে একটাই প্রশ্ন—কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য বা অগ্নিমিত্রা পলের মতো চেনা মুখগুলোর নাম নিয়ে চর্চা চললেও, সমান্তরালভাবে উঠে আসছে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ‘অপ্রত্যাশিত’ নাম। তিনি হলেন কালিয়াগঞ্জ কেন্দ্রের জয়ী প্রার্থী স্বামী জ্যোতির্ময়ানন্দজী মহারাজ, যাঁকে অনুগামী ও স্থানীয় মানুষজন ‘উৎপল মহারাজ’ নামেই চেনেন।
‘বাংলার যোগী’ সম্বোধন ও কালিয়াগঞ্জের বড় জয়
কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৭৬,৪২৫ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন উৎপল মহারাজ। তাঁর এই বিপুল জনসমর্থন এবং গৈরিকধারী ভাবমূর্তির কারণে রাজনৈতিক মহলের একাংশ তাঁকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। ইতিমধ্যেই নেটপাড়ায় এবং অনুগামীদের মধ্যে তাঁকে ‘বাংলার যোগী’ বলে সম্বোধন করা হচ্ছে। গেরুয়া শিবিরের অন্দরে গুঞ্জন, প্রশাসন পরিচালনায় স্বচ্ছতা এবং কঠোর অনুশাসন আনতে সঙ্ঘ ঘনিষ্ঠ কোনো আধ্যাত্মিক ব্যক্তিত্বকে কি শেষ পর্যন্ত তুরুপের তাস করবে বিজেপি? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে।
মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সমীকরণ
যদিও শুভেন্দু অধিকারীর মতো দাপুটে নেতা, যিনি নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, তাঁর দাবি যথেষ্ট জোরালো। পাশাপাশি শমীক ভট্টাচার্যের মতো অভিজ্ঞ বাচনভঙ্গির নেতা বা অগ্নিমিত্রা পলের মতো লড়াকু নেত্রীর নামও তালিকায় রয়েছে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অতীতেও বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বড়সড় চমক দিয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উৎপল মহারাজের নাম নিয়ে চর্চা কেবল জল্পনা নাকি কোনো গভীর পরিকল্পনার অংশ, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
৯ তারিখ ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগেই সম্ভবত চূড়ান্ত নাম ঘোষণা করবে বিজেপি সংসদীয় বোর্ড। কালিয়াগঞ্জের জয়ী প্রার্থী শেষ পর্যন্ত রাজ্যের প্রশাসনিক প্রধানের চেয়ারে বসেন কি না, এখন সেটাই দেখার।
প্রতিবেদক— বর্তমান ঠাকুর।