ওয়েইসিকে লাদেনের সঙ্গে তুলনা, মিম-কে ‘জঙ্গি সংগঠন’ বলে নিষিদ্ধ করার দাবি নীতেশ রানের!
এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করলেন মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে। নাসিকের একটি ধর্মান্তকরণ মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ওয়েইসির দলের এক কাউন্সিলর আশ্রয় দিয়েছেন— এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন তিনি। রানের দাবি, আসাদউদ্দিন ওয়েইসির দল আসলে একটি ‘জঙ্গি সংগঠন’ এবং অবিলম্বে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা উচিত।
লাদেনের সঙ্গে তুলনা ও বিস্ফোরক অভিযোগ
নিতেশ রানে তাঁর বক্তব্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের সঙ্গে আসাদউদ্দিন ওয়েইসির তুলনা টেনেছেন। তিনি বলেন, “লাদেন ও ওয়েইসির মধ্যে চরিত্রগত কোনও পার্থক্য নেই। ওসামা বিন লাদেন আল-কায়েদার মাধ্যমে যা করতেন, ওয়েইসি আজ তাঁর দলের আড়ালে ঠিক সেই একই কাজ করছেন।” রানের এই মন্তব্যের পর দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। উল্লেখ্য, নাসিকের একটি বিশেষ অপরাধমূলক ঘটনায় অভিযুক্তকে সাহায্য করার অভিযোগ ওঠার পর থেকেই মিম-এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন এই বিজেপি নেতা।
রাজনৈতিক প্রভাব ও সম্ভাব্য সংঘাত
এই মন্তব্যের ফলে মহারাষ্ট্রসহ জাতীয় রাজনীতিতে মেরুকরণের আবহ আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমআইএম-এর মতো একটি স্বীকৃত রাজনৈতিক দলকে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে চিহ্নিত করার দাবি আইনি ও সাংবিধানিক স্তরেও বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিরোধীদের একাংশ এই মন্তব্যকে সাম্প্রদায়িক উসকানি হিসেবে দেখলেও, রানের অনুগামীরা একে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপসহীন অবস্থান’ বলে বর্ণনা করছেন। এই ঘটনার জেরে আগামিদিনে মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক বাগযুদ্ধ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।