এফএটিএফের শীর্ষ পদে ভারত, পাকিস্তানকে ধূসর তালিকায় ফেরানোর দাবি তুললেন ওয়েইসি!
বিশ্বজুড়ে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ-এর সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় আমলা বিবেক আগরওয়াল। এই প্রথম কোনো ভারতীয় এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে দায়িত্ব পালন করতে চলেছেন। আগামী জুলাই মাস থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন।
বিবেক আগরওয়ালের এই নির্বাচনকে কেন্দ্র করে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি পাকিস্তানকে পুনরায় এফএটিএফ-এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি পহেলগাঁও এবং লালকেল্লায় সন্ত্রাসবাদী হামলার উল্লেখ করে রাষ্ট্রসংঘে টিআরএফ ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। অতীতে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তান এফএটিএফ-এর ধূসর তালিকায় থাকাকালীন গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল। এফএটিএফ-এর ওপর ভারতের এই নতুন প্রভাবের ফলে সন্ত্রাসবাদে অর্থায়নের নজরদারিতে পাকিস্তানের ওপর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।