উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগের সতর্কতা, দক্ষিণবঙ্গেও কি বদলাবে আবহাওয়া?
উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা, জারি লাল সংকেত
টানা বৃষ্টির ক্ষত শুকানোর আগেই ফের প্রবল দুর্যোগের মুখে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরের বিস্তীর্ণ এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামা এবং নদীর জলস্তর বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি তৈরি হওয়ায় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আপাতত আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানসহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে আগামী সোমবার থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।