ইসরায়েলি কারাগারের ভয়াবহ অন্ধকার: বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য!
আল জাজিরার সম্প্রতি প্রকাশিত তথ্যচিত্র ‘বডিজ অফ এভিডেন্স: ইসরায়েল’স ডার্কেস্ট ওয়েপন’-এ ইজরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর চালানো অমানবিক নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বয়ান অনুযায়ী, কারারক্ষী ও ইজরায়েলি সেনাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ এবং হিংস্র কুকুর লেলিয়ে দেওয়ার মতো নৃশংস কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। আল-বাকরি ও জব নামক দুই ভুক্তভোগী জানান, বন্দিদের নগ্ন করে হাত-পা বেঁধে অকথ্য শারীরিক ও যৌন হেনস্তা করা হয় এবং সেই দৃশ্য ভিডিওবন্দি করে আনন্দ উপভোগ করা হয়।
২০২৩ সালের অক্টোবর থেকে এই ধরনের নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এই তথ্যপ্রমাণের ভিত্তিতে রাষ্ট্রসংঘ ২০২৫ সালের মার্চ মাসে ইজরায়েলকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে যৌন হিংসার জন্য ‘কালো তালিকাভুক্ত’ করে। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে নেগেভ মরুভূমির ক্যাম্পে বন্দিদের যৌন নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলেও, ইজরায়েলি আইন প্রণেতাদের চাপে অভিযুক্ত নিরাপত্তারক্ষীদের মুক্তি দেওয়া হয়। এছাড়া ইজরায়েলের রাজনৈতিক নেতৃত্বের একাংশ বন্দিদের ওপর এই ধরনের আচরণকে বৈধতা দেওয়ার চেষ্টা করায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।