ইরানে আজ রাতে বড় হামলার হুমকি দিলেন ট্রাম্প!
ইরানে আজ রাতেই ভয়াবহ সামরিক হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইতিমধ্যে ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী, রাডার ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা কাঠামোর একটি বড় অংশ ধ্বংস করে দিয়েছে, যার ফলে ইরান বর্তমানে চরম বিপর্যয়ের মুখে রয়েছে।
সামরিক অভিযানের পাশাপাশি ইরানের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে আঘাত হানার পরিকল্পনাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খর্গ দ্বীপ দখলের লক্ষ্য নিয়েছে আমেরিকা, যেখানে ইরানের মোট উৎপাদিত অশোধিত তেলের ৯০ শতাংশ প্রক্রিয়াজাত হয়। ভেনেজুয়েলার মতো ইরানের তেল ও গ্যাস অবকাঠামোর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াই ওয়াশিংটনের উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের ওপর মার্কিন হামলা ও পরবর্তীতে ইরানের পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। পেন্টগনের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযানকে ‘আত্মরক্ষামূলক’ হিসেবে অভিহিত করলেও, বিশ্লেষকদের মতে, দুই দেশের এই যুদ্ধংদেহী অবস্থান পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট তৈরির পাশাপাশি বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।