সীমান্তে চূড়ান্ত উত্তেজনা, লাঠি হাতে রাতভর পাহারায় গ্রামবাসীরা!
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সাফ জানিয়ে দিয়েছে যে, তারা কোনোভাবেই জোরপূর্বক অনুপ্রবেশকারী বা ‘পুশব্যাক’ মেনে নেবে না। এই পরিস্থিতিতে সীমান্তের ওপারে বিজিবি জওয়ানদের পাশাপাশি সাধারণ গ্রামবাসীরাও লাঠি ও বাঁশ নিয়ে রাতভর কড়া পাহারা দিচ্ছে এবং নিয়মিত মাইকিং করা হচ্ছে। বিশেষ করে নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিপরীতে মেহেরপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।
রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ‘হোল্ডিং সেন্টারে’ রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বন্দিদশা এড়াতে অনেক মানুষ কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। সম্প্রতি জামালপুরের ধানুয়াকামালপুর সীমান্তে এক বৃদ্ধের পুশব্যাককে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবির মধ্যে তীব্র উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এই পরিস্থিতি নিয়ে স্থানীয় বিজেপি মুখপাত্র অমিত প্রামাণিক জানিয়েছেন, বৈধ নাগরিকত্বহীনদের দেশে ফিরে যেতেই হবে এবং অনুপ্রবেশকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।