ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, মাউন্ট ডুকোনোর জ্বালামুখ থেকে ৩ পর্যটকের দেহ উদ্ধার
ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাতের ফলে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন সিঙ্গাপুরের পর্যটক এবং ১ জন স্থানীয় পর্বতারোহী গাইড বলে শনাক্ত করা হয়েছে। রবিবার আগ্নেয়গিরির জ্বালামুখের মাত্র ১০০ থেকে ১৫০ মিটারের মধ্যে তাঁদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন উদ্ধারকারীরা।
প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত উদ্ধারকাজ
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মাউন্ট ডুকোনো থেকে ক্রমাগত লাভা ও ছাই নির্গত হওয়ার পাশাপাশি এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। আগ্নেয়গিরির পাদদেশ থেকে বিশেষ উদ্ধারকারী দল জ্বালামুখের কাছে পৌঁছানোর চেষ্টা করলেও নিরাপত্তার খাতিরে বারবার পিছিয়ে আসতে হচ্ছে। মৃতদেহগুলো এখনও সমতলে নামিয়ে আনা সম্ভব হয়নি।
অল্পের জন্য রক্ষা পেলেন ১৭ জন
অগ্ন্যুৎপাতের সময় ওই এলাকায় বেশ কিছু পর্যটক অবস্থান করছিলেন। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনী (BNPB) জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নিয়ে ১৭ জন পর্যটককে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মাউন্ট ডুকোনো অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি হওয়ায় পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি থাকলেও, কীভাবে তাঁরা জ্বালামুখের এত কাছে পৌঁছালেন, তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনার পর হালমাহেরা দ্বীপে পর্বতারোহণ ও পর্যটন সংক্রান্ত সমস্ত কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।