ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায় ভয়াবহ ‘ধর্ষণ প্রশিক্ষণ স্কুল’!
ডার্ক ওয়েবে নারীদের উপর যৌন সহিংসতা লাইভ প্রচার: ‘রেপ একাডেমি’র জঘন্য কর্মকাণ্ড
সিএনএন-এর এক দীর্ঘমেয়াদী তদন্তে ইন্টারনেটের অন্ধকার জগতে নারীদের উপর যৌন সহিংসতা সরাসরি সম্প্রচারের এক ভয়াবহ চিত্র উন্মোচিত হয়েছে। ‘রেপ একাডেমি’ বা ‘ধর্ষণ প্রশিক্ষণ কেন্দ্র’ নামে পরিচিত এই গোপন প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীরা নারীদের অজান্তে মাদক খাইয়ে অবশ করে আক্রমণ করার পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করছে। অনেক ক্ষেত্রে নির্যাতনের ঘটনা সরাসরি সম্প্রচার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিপুল অর্থ আদায় করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসেই এই ধরনের সাইটগুলোতে ৬ কোটির বেশি বার ভিজিট করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই অপরাধের জাল নির্মূল করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি সাইট বন্ধ করলে তা দ্রুতই নতুন নামে ও ডিজিটাল রূপে আত্মপ্রকাশ করছে। অপরাধীরা ক্রিপ্টোকারেন্সি এবং এনক্রিপ্টেড মেসেজিং ব্যবহার করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল অন্ধকার দমনে কঠোর সাইবার আইন ও উন্নত প্রযুক্তিগত নজরদারির কোনো বিকল্প নেই।