ইছামতীর তীরে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ, জল গড়াল হাই কোর্টে!

টাকি পুরসভা এলাকায় ইছামতী নদীর তীরে গড়ে ওঠা একটি বেসরকারি হোটেলের বেআইনি অংশ ভাঙার নির্দেশ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে টাকি পুরসভা পরিদর্শন ও নথিপত্র যাচাইয়ের পর দেখতে পায় যে, হোটেলটির একাংশ অনুমোদিত নকশা বহির্ভূতভাবে তৈরি করা হয়েছে। এরপর পশ্চিমবঙ্গ পুর আইন, ১৯৯৩ এবং পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল (বিল্ডিং) রুলস, ২০০৭ অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে অননুমোদিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তা কার্যকর না হলে পুরসভা নিজ উদ্যোগে ব্যবস্থা নেবে বলে নোটিসে জানানো হয়েছে।

এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। দীর্ঘসময় পর প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপে যেমন আইনি লড়াইয়ের সূচনা হয়েছে, তেমনি পুরসভার দীর্ঘ নীরবতা ও নিরপেক্ষতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠছে। অনেকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মহকুমা শাসকের নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। বর্তমানে হাই কোর্টের নির্দেশ ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপরই এই বিতর্কের ভবিষ্যৎ নির্ভর করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *