আকাশে ইসরায়েলি হামলার ছক রুখলো পাকিস্তান!

ইসলামাবাদে ইরান প্রতিনিধি দলের বিমানকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: ইসরায়েলি হামলার আশঙ্কা

ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তেহরান ফেরার পথে ইরানের প্রতিনিধি দলের বিমানকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গোয়েন্দা সূত্রে ইসরায়েলি হামলার আশঙ্কা থাকায় ইরানের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফসহ উচ্চপদস্থ প্রতিনিধিদের বহনকারী বিমানটিকে প্রায় দুই ডজন পাকিস্তানি যুদ্ধবিমান দিয়ে কড়া পাহারায় রাখা হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আকাশে ওত পেতে থাকা সম্ভাব্য ইসরায়েলি ‘মৃত্যুবাণ’ থেকে ইরানি প্রতিনিধিদের রক্ষা করতেই এই নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছিল ইসলামাবাদ।

শুধুমাত্র যুদ্ধবিমান দিয়েই ক্ষান্ত থাকেনি পাকিস্তান, পুরো যাত্রাপথে আকাশপথে নজরদারির জন্য ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ বা অ্যাওয়াকস (AWACS) ব্যবহার করা হয়েছে। সূত্রের দাবি, ইসরায়েলি সেনারা মাঝআকাশেই ইরানের বিমানটি ধ্বংস করার গোপন ষড়যন্ত্র করেছিল। এই বিপদ আঁচ করতে পেরে পাকিস্তান তাদের আকাশসীমায় ইরানি বিমানটিকে আক্ষরিক অর্থেই একটি দুর্ভেদ্য ঢালে মুড়ে দেয়। পাক আধিকারিকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই কঠোর সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক চললেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এই কূটনৈতিক ব্যর্থতার মাঝেই আগামী ২১ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২০ এপ্রিল দ্বিতীয় দফার শান্তি বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *