অভয়া কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, রহস্যের জট খুলতে তলব সবাইকে!

কলকাতা: অভয়া কাণ্ডে তদন্তের পরিধি আরও বাড়িয়ে ঘটনার রাতে এবং মৃত্যুর পর হাসপাতালে বা সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত থাকা প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যদপ্তর। শনিবার স্বাস্থ্যভবনে এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত সত্য উদঘাটনে নির্যাতিতার শিক্ষাগুরুদেরও বক্তব্য শোনা হবে। নিরাপত্তা বা প্রশাসনিক কোনো ফাঁকফোকর ছিল কি না এবং তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কি না, সেই দিকগুলো খতিয়ে দেখছে তদন্তকারী দল।

ঘটনার প্রতিবাদে ও অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সকাল ১১টায় রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও প্রতিষ্ঠানে দুই মিনিট নীরবতা পালন এবং প্রদীপ প্রজ্জ্বলনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, স্বাস্থ্যমন্ত্রী নবগঠিত স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। কমিশনের সদস্য তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডা. সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করাই তাদের মূল লক্ষ্য। স্বাস্থ্যদপ্তরের এই পৃথক তদন্তের পর নতুন কোনো তথ্য সামনে আসে কি না, সেদিকেই এখন নজর সবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *