অন্ধ্র প্রদেশে বিশাল সোনার খনি, ভারতের অর্থনীতিতে নতুন বিপ্লব!

অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলার জোন্নাগিরি গ্রামে প্রায় ৫০ টন সোনার এক বিশাল ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে, যা ভারতের খনিজ ও খনন শিল্পের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। জিওমাইসোর সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ৪০০ কোটি টাকা বিনিয়োগে ৫৯৮ হেক্টর এলাকাজুড়ে এই ওপেন-পিট খনি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। স্বাধীনতা-পরবর্তী ভারতে এটি প্রথম কোনো বৃহৎ বেসরকারি সোনা খনন প্রকল্প। খনিটি থেকে পুরোদমে কাজ শুরু হলে আগামী ১৫ বছর ধরে প্রতি বছর প্রায় এক হাজার কিলোগ্রাম বা ১ টন পরিশোধিত সোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভারতে প্রতি বছর ৮০০ টনেরও বেশি সোনার চাহিদা থাকলেও সিংহভাগই আমদানিনির্ভর, যা দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর বড় চাপ সৃষ্টি করে। দীর্ঘকাল ধরে হুত্তি গোল্ড মাইন্স দেশের একমাত্র বড় খনি হিসেবে সীমিত পরিমাণ সোনা উৎপাদন করে আসছিল। জোন্নাগিরি খনির বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার ফলে দেশের এই আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। অন্ধ্র প্রদেশ সরকারের মতে, এই প্রকল্পের সাফল্য দেশের খনিজ শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি ভবিষ্যতে রামাগিরি, জাভাকুলা এবং চিগুরুকুন্তার মতো অন্যান্য এলাকায় সোনার বাণিজ্যিক খননের পথ প্রশস্ত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *