PhonePe ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, ওয়ালেট রাখলেই কাটবে ১০০ টাকা!
৩৬৫ দিন নিষ্ক্রিয় থাকলে চার্জ কাটবে ফোন পে (PhonePe)
জনপ্রিয় ডিজিটাল লেনদেনের মাধ্যম ফোন পে (PhonePe) তাদের ব্যবহারকারীদের জন্য নতুন রক্ষণাবেক্ষণ ফি বা ‘ইনঅ্যাকটিভিটি মেইনটেন্যান্স ফি’ সংক্রান্ত নীতি ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী, টানা এক বছর বা ৩৬৫ দিন যেসব ‘ফোন পে ওয়ালেট’ থেকে কোনো আর্থিক লেনদেন হয়নি, সেগুলো নিষ্ক্রিয় হিসেবে গণ্য হবে। এমন ক্ষেত্রে গ্রাহককে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। সংস্থাটি জানিয়েছে, দীর্ঘ সময় ধরে অব্যবহৃত ওয়ালেট পরিচালনার খরচ মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র অ্যাপ খোলা বা ব্যালেন্স দেখা সক্রিয় কার্যকলাপ হিসেবে গণ্য হবে না, এর জন্য আর্থিক লেনদেন প্রয়োজন।
জরিমানা কাটার আগে ব্যবহারকারীদের ১৫ দিনের একটি নোটিশ পাঠাবে সংস্থাটি। এই সময়ের মধ্যে কোনো লেনদেন সম্পন্ন করলে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় হয়ে যাবে। ওয়ালেটে ১০০ টাকার কম ব্যালেন্স থাকলে সেই অবশিষ্ট অর্থ কেটে নেওয়া হবে, তবে কোনোভাবেই ব্যালেন্স নেগেটিভ হবে না। উল্লেখ্য, ২০২১ সালে মবিকুইক (Mobikwik) একই ধরনের নিয়ম চালু করেছিল। ফোন পে-র এই সিদ্ধান্তের ফলে নিয়মিত ওয়ালেট ব্যবহার করেন না এমন গ্রাহকদের ওপর আর্থিক প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।