এক ঘণ্টার বৃষ্টিতেই নাকাল তিলোত্তমা, ভাসল আরজি কর!

কলকাতা: রবিবার ছুটির দিনে হঠাৎ কালবৈশাখী ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ল কলকাতার জনজীবন। অল্প সময়ের বৃষ্টিতেই শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষ তীব্র ভোগান্তির শিকার হন। এর পাশাপাশি আজ রবিবার দেশজুড়ে নিট (NEET-UG) রি-টেস্ট থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে গিয়ে চরম উৎকণ্ঠা ও দুর্ভোগের মুখে পড়েন বহু পরীক্ষার্থী।

শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টির প্রভাব ছিল দৃশ্যমান। মধ্য কলকাতার চাঁদনি চকে একটি বিশাল গাছ ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল ব্যাহত হয়, যা পরে পুরসভা ও সিইএসসি (CESC)-র কর্মীদের তৎপরতায় স্বাভাবিক করা হয়। এছাড়া আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরসহ পাটুলি, যাদবপুর, কসবা, কাঁকুরগাছি ও শিয়ালদহের মতো এলাকাগুলোতেও জল জমে যায়। এদিকে, আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টা এমনই থাকতে পারে; এর মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, সকালে রেড রোডে প্রধানমন্ত্রীর যোগ দিবসের অনুষ্ঠান চলাকালীন আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *