CBSE দ্বাদশের ফলাফল প্রকাশিত, পাসের হার ৮৫.২০ শতাংশ ছাড়িয়ে সাফল্যের শীর্ষে ছাত্রীরা!

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) আজ আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এ বছর সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৮৫.২০ শতাংশ। গত বছরের তুলনায় পরীক্ষার ফলাফলে প্রতিযোগিতার আমেজ লক্ষ্য করা গেছে। ছাত্রছাত্রীরা এখন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিলকার ও উমাং অ্যাপের মাধ্যমে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারছেন।
মেয়েদের জয়জয়কার ও অঞ্চলভিত্তিক সাফল্য
এবারের ফলাফলেও ছেলেদের তুলনায় মেয়েরা অনেকটা এগিয়ে রয়েছে। পরিসংখ্যন অনুযায়ী, ছাত্রীদের পাসের হার ৮৮.৮৬ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৮২.১৩ শতাংশ। মেধার দৌড়েও শিক্ষার্থীরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে; প্রায় ৯৪ হাজারেরও বেশি শিক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। অঞ্চলভিত্তিক সাফল্যের নিরিখে দক্ষিণ ভারত আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ৯৫.৬২ শতাংশ পাসের হার নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ত্রিভান্দ্রম। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চেন্নাই ও বেঙ্গালুরু।
মার্কশিট ডাউনলোডের সহজ পদ্ধতি
শিক্ষার্থীরা cbse.gov.in বা cbseresults.nic.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর, স্কুল নম্বর ও অ্যাডমিট কার্ড আইডি দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া বিকল্প ও দ্রুত মাধ্যম হিসেবে সরকারি প্ল্যাটফর্ম ডিজিলকার (DigiLocker) অত্যন্ত কার্যকর। ব্যবহারকারীরা মোবাইল নম্বর বা আধার কার্ডের তথ্যের মাধ্যমে লগ-ইন করে ‘Education’ বিভাগ থেকে সিবিএসই দ্বাদশ শ্রেণির মার্কশিট ডাউনলোড করতে পারবেন। একই সুবিধা মিলছে উমাং (UMANG) অ্যাপেও।
পাসের মাপকাঠি ও পরবর্তী ধাপ
বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। গ্রেডিং পদ্ধতিতে ‘E’ গ্রেড প্রাপ্তদের ফেল হিসেবে গণ্য করা হয়, তবে তারা কম্পার্টমেন্টাল বা পুনঃপরীক্ষায় বসার সুযোগ পাবেন। এ বছর প্রায় ১৮.৫ লক্ষ পরীক্ষার্থীর এই ফল প্রকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া এখন গতি পাবে।