রাশিয়ার স্যাটেলাইট নেটওয়ার্ক: বিশ্বজুড়ে ড্রোন নিয়ন্ত্রণের ক্ষমতা, লন্ডনে হামলার আশঙ্কা

রাশিয়া নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির পথে এগোচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার ডেপুটি চিফ মেজর জেনারেল ভাদিম স্কিবিটস্কি। মস্কো ইলন মাস্কের স্টারলিঙ্কের আদলে একটি প্রকল্প হাতে নিয়েছে, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে মহাকাশে ৯২৪টি উপগ্রহ স্থাপন করা।

এই নেটওয়ার্ক কার্যকর হলে রাশিয়া বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ড্রোন বা মনুষ্যবিহীন বিমান নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া মস্কোর নিরাপদ অবস্থান থেকে ইউরোপ, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের মতো দূরবর্তী অঞ্চলে ড্রোন পরিচালনা করতে পারবে। এমনকি লন্ডনের মতো শহরেও ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে ড্রোন হামলা চালানো সম্ভব হতে পারে।

বর্তমানে ব্যবহৃত ইরানের তৈরি শাহেদ ড্রোনগুলো সাধারণত পূর্ব-নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কিন্তু নতুন এই নেটওয়ার্কের মাধ্যমে রিয়েল-টাইম ফিড ব্যবহার করে ড্রোন নিয়ন্ত্রণ করা সহজ হবে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে ৪৯টি রুশ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে, যারা এই স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির কাজে যুক্ত রয়েছে।

এদিকে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, ২০২৬ সালের শেষ নাগাদ রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী উপগ্রহ মোতায়েন করতে পারে। এছাড়া রাশিয়ার নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘শয়তান ২’ বা আরএস-২৮ সারমাত নিয়েও উদ্বেগ বাড়ছে, যা বর্তমানে রুশ সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তির প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *