সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় পর্বের দিনক্ষণ ঘোষিত, ডিলিমিটেশন বিল ঘিরে জল্পনা

কেন্দ্রীয় সরকারের তরফে সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় পর্বের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর লোকসভার অধিবেশন বসবে এবং রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২ ডিসেম্বর। কাজের প্রয়োজনে উভয় কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই স্বল্পমেয়াদি অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
গত এপ্রিল মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার আসন বৃদ্ধি ও পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালুর লক্ষ্যে তিনটি বিল পেশ করেছিলেন। এর মধ্যে ছিল ১৩১তম সংবিধান সংশোধনী বিল বা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’, লোকসভা আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। প্রথম বিলটি পাশের জন্য দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন হওয়ায় সেই সময় বাকি দুটি বিল নিয়ে ভোটাভুটি হয়নি।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এই অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিল পাস করানোর লক্ষ্যেই সরকার পদক্ষেপ নিতে পারে। সংবিধান সংশোধনী বিল হওয়ায় এটি ধ্বনিভোটে পাস করানো সম্ভব নয়, এর জন্য ভোটাভুটি আবশ্যক। ডিএমকে এবং এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)-র মতো দলগুলির সমর্থন বা ভোটদানে বিরত থাকার সম্ভাবনা নিয়ে বিরোধীদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। তবে ডিলিমিটেশন বিল পেশের বিষয়ে সরকারের তরফে এখনও স্পষ্ট কোনো ঘোষণা করা হয়নি।