রাজপরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, উইলিয়াম-কেটের নরফোকের বাড়িতে চুরির চেষ্টায় গ্রেপ্তার ২

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেটের নরফোকের বাসভবন আনমার হলে চুরির সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা রাজপরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সোমবার সন্ধ্যা ৬টার কিছু আগে স্যান্ড্রিংহাম এস্টেটের এই সম্পত্তিতে সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাজপরিবারের কোনো সদস্য আনমার হলে উপস্থিত ছিলেন না। নরফোক পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ কুকুর, ড্রোন এবং ন্যাশনাল পুলিশ এয়ার সার্ভিসের হেলিকপ্টার মোতায়েন করা হয়। ব্যাপক তল্লাশির পর চুরির উদ্দেশ্যে অনুপ্রবেশের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় একটি পুলিশ বিমান দীর্ঘ সময় ধরে ওই এলাকাটি প্রদক্ষিণ করে। আনমার হল রানী দ্বিতীয় এলিজাবেথ উইলিয়াম ও কেটকে বিয়ের উপহার হিসেবে দিয়েছিলেন। এটি রাজপরিবারের একটি ব্যক্তিগত সম্পত্তি এবং নির্জন অবকাশ যাপন কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও বর্তমানে উইলিয়াম ও কেট তাঁদের সন্তানদের নিয়ে উইন্ডসরের ফরেস্ট লজে বেশি সময় কাটান। রাজকীয় নিরাপত্তা বলয় ভেঙে এর আগেও একাধিকবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, যা ব্রিটিশ প্রশাসনের উদ্বেগের কারণ। এই ঘটনা আবারও রাজপরিবারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *