রাজপরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, উইলিয়াম-কেটের বাড়িতে চুরির চেষ্টায় গ্রেপ্তার ২

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেটের নরফোকের বাসভবন আনমার হলে চুরির সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা রাজপরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার ঠিক আগে স্যান্ড্রিংহাম এস্টেটের এই সম্পত্তিতে সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে পুলিশ দ্রুত তল্লাশি অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাজপরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। নরফোক পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ কুকুর, ড্রোন এবং ন্যাশনাল পুলিশ এয়ার সার্ভিসের হেলিকপ্টার মোতায়েন করে। দীর্ঘ এবং ব্যাপক তল্লাশির পর চুরির উদ্দেশ্যে অনুপ্রবেশের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় একটি পুলিশ বিমান দীর্ঘ সময় ধরে ওই এলাকাটি প্রদক্ষিণ করে। উল্লেখ্য, আনমার হল রাজপরিবারের একটি ব্যক্তিগত সম্পত্তি, যা রানী দ্বিতীয় এলিজাবেথ উইলিয়াম ও কেটকে বিয়ের উপহার হিসেবে দিয়েছিলেন। জর্জিয়ান স্থাপত্যের এই প্রাসাদটি রাজপরিবারের সদস্যদের কাছে একটি নির্জন অবকাশ যাপন কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও বর্তমানে উইলিয়াম ও কেট তাদের সন্তানদের নিয়ে উইন্ডসরের ফরেস্ট লজে বেশি সময় কাটান। রাজকীয় নিরাপত্তা বলয় ভেঙে অনুপ্রবেশের ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে, যা নিয়ে ব্রিটিশ প্রশাসন উদ্বিগ্ন।