ঐতিহাসিক স্তম্ভে প্রদীপ জ্বালানো নিয়ে বিতর্ক, তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের মুখে

তামিলনাড়ুর তিরুপ্পারানকুন্দ্রম বিধানসভা কেন্দ্রে একটি ঐতিহাসিক পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্যের আইনমন্ত্রী সিটিআর নির্মল কুমার সেখানে প্রদীপ প্রজ্বলনের ঘোষণা করলেও, দ্বিতীয় প্রদীপটি না জ্বালানোর সিদ্ধান্তে স্থানীয় ভক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং মাইকিংয়ের মাধ্যমে জমায়েতকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। ভিড় না সরলে লাঠিচার্জের হুঁশিয়ারিও দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
রাজনৈতিক মহলের মতে, জোট শরিকদের চাপের মুখেই মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল টিভিকে-র ১০৮ জন বিধায়ক থাকলেও, সরকার টিকিয়ে রাখতে কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিআই(এম)-সহ অন্যান্য শরিক দলের সমর্থনের ওপর নির্ভর করতে হয়।
বাম দল ও ভিসিকে প্রথম থেকেই ওই স্তম্ভে প্রদীপ জ্বালানোর বিরোধিতা করে আসছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে কংগ্রেসও প্রথাগত স্থানে প্রদীপ জ্বালানোর পক্ষে মত দিয়েছিল।
এই ঘটনাটি বড় ধরনের আইনি ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে রাজ্য প্রশাসনকে। সুপ্রিম কোর্ট গত শুক্রবার নির্দেশ দিয়েছিল যে, শুধুমাত্র চলতি বছরের জন্য মন্দির কর্তৃপক্ষের অনুমোদিত একটি ছোট দল ওই স্তম্ভে প্রদীপ জ্বালাতে পারবে। রাজ্য সরকার এই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানালেও শীর্ষ আদালত থেকে কোনো স্থগিতাদেশ মেলেনি।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ কীভাবে কার্যকর করা হয়েছে, তা আগামী তিন দিনের মধ্যে মাদুরাইয়ের জেলাশাসককে আদালতকে জানাতে হবে।