ভোটার তালিকা থেকে নাম বাদ: ২২ লক্ষ আবেদন বিচারাধীন, দ্রুত নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সংক্রান্ত আবেদনগুলিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। একইসঙ্গে, ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির শুনানি আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আদালতে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন যে, নাম বাদ যাওয়ার ফলে বহু মানুষ রেশন ও অন্নপূর্ণা যোজনার মতো সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারকে নোটিস পাঠিয়ে জবাব তলব করেছে আদালত। আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, ভুলবশত বাদ পড়া নামের মধ্যে ৯৩ শতাংশ পুনরায় অন্তর্ভুক্ত করা হলেও এখনও ২২ লক্ষ নাম বিচারাধীন রয়েছে। এই ব্যক্তিরা গত নির্বাচনে ভোট দিতে পারেননি। তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপিলের দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন এলাকায় ট্রাইব্যুনাল বাড়ানোর পরিকাঠামো ও স্থান চিহ্নিত করে এক মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কলকাতা পুরসভা এলাকাগুলিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের আবেদন আগে শোনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাদের এই সংক্রান্ত অভিযোগ রয়েছে, তাদের অবিলম্বে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।