ইরানের ‘শ্যাডো ব্যাংকিং’ নেটওয়ার্কে মার্কিন আঘাত: ২২ সংস্থা ও ৮ ব্যক্তি কালো তালিকাভুক্ত

ইরানের তথাকথিত ‘শ্যাডো ব্যাংকিং’ বা বিকল্প ব্যাংকিং ব্যবস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। এই কঠোর পদক্ষেপের আওতায় ইরান-সংশ্লিষ্ট আটজন ব্যক্তি এবং ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংয়ে অবস্থিত মোট ২২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, এই নেটওয়ার্কটি আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ তহবিল স্থানান্তরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল। ফিনান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে প্রায় ১৪.৭ বিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেন এই ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় প্রায় তিন বছর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনে প্রতিষ্ঠিত ‘ইরানি মুদ্রা ও স্বর্ণ বিনিময় প্রতিষ্ঠান’কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের মতে, ইরান এক্সচেঞ্জ সেন্টার নামক এই প্রতিষ্ঠানটি দেশটির ভেতরে সম্পদ পৌঁছাতে সহায়তা করে, যা মূলত ইরানের অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ। ওয়াশিংটন জানিয়েছে, বিশ্বজুড়ে ইরানের আর্থিক নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু বানাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার বিষয়ে ইরান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তবে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার একটি পরিকল্পনা প্রস্তুত রয়েছে। এছাড়া, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুরোধের কোনো আইনি ভিত্তি নেই বলেও দাবি করেছে তেহরান।