হায়দরাবাদে লস্কর-ই-তৈবার হামলার হুমকি: ২৬/১১ ধাঁচে নাশকতার ছক, হাই অ্যালার্ট

হায়দরাবাদে লস্কর-ই-তৈবার নামে একটি হুমকি ইমেল আসায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ইমেলে ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে একটি বড়সড় নাশকতার ছক কষার কথা উল্লেখ করা হয়েছে।

হায়দরাবাদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যুগ্ম কমিশনার শহরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে এই সতর্কবার্তা পাঠিয়েছেন। ইমেল প্রেরক নিজেকে লস্কর-ই-তৈবার সদস্য বলে দাবি করেছে। হুমকি ইমেলে হায়দরাবাদের কাচিগুড়া রেল স্টেশন এবং হোটেল ট্যুরিস্ট প্লাজায় বিস্ফোরণ ঘটানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই নাশকতায় অন্তত ৩০০ জনকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

ইমেলে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত লস্কর জঙ্গি লতিফ ভাট ও তার সহযোগীদের মৃত্যুর বদলা নিতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে। এই হুমকির পর হায়দরাবাদ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

পুলিশ প্রশাসন কাচিগুড়া রেল স্টেশন ও হোটেল ট্যুরিস্ট প্লাজা ছাড়াও শহরের সমস্ত জনবহুল এলাকা, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা পরিত্যক্ত বস্তুর ওপর কড়া নজরদারি চালানোর পাশাপাশি নাশকতা-বিরোধী তল্লাশি ও পুলিশি টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা বিভাগ ও পুলিশ প্রশাসন পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং ইমেল প্রেরকদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *