ভোটার তালিকা প্রকাশে নতুন দিনক্ষণ, জানাল নির্বাচন কমিশন

রাজ্যের ভোটার তালিকা প্রকাশ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে।

এরপর ১৫ ডিসেম্বর সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এই তালিকা প্রকাশের পর থেকে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটাররা তাঁদের নাম তোলা, বাদ দেওয়া বা তথ্যে কোনো সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। জমা পড়া সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি প্রক্রিয়া ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সমস্ত যাচাই পর্ব শেষে ৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে। খসড়া তালিকায় নাম, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্যে কোনো ভুল থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সংশোধনের সুযোগ পাবেন ভোটাররা। ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতে কমিশন কঠোর নির্দেশিকা জারি করেছে। বুথস্তরের আধিকারিক বা বিএলও-দের সরাসরি ভোটারদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করতে বলা হয়েছে। কমিশন স্পষ্ট করেছে যে, শুধুমাত্র স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার ওপর ভিত্তি করে কোনো পরিবর্তন করা যাবে না। প্রতিটি ক্ষেত্রে যথাযথ যাচাই প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। ভোটার কার্ডের তথ্যে কোনো অসঙ্গতি থাকলে তা দ্রুত সংশোধনের জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *