জার্মানিতে খেলার মাঠে বসার ‘অপরাধে’ জরিমানা, পুরসভার সিদ্ধান্তে ক্ষোভ

জার্মানির গেলসেনকির্খেন শহরে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন ৩১ বছর বয়সি এক তরুণী। শিশুদের খেলার মাঠের একটি বেঞ্চে বসে থাকার কারণে তাঁকে ২৫ ইউরো, অর্থাৎ প্রায় ২,৫৪০ টাকা জরিমানা দিতে হল। মানসিক চাপে থাকায় নির্জনে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে হানা নামের ওই তরুণী মাঠের বেঞ্চে বসেছিলেন।
পুরসভার তিন আধিকারিক সেখানে উপস্থিত হয়ে তাঁকে প্রশ্ন করেন, মাঠে থাকা শিশুরা তাঁর সন্তান কি না। হানা 'না' বলায় তাঁকে জরিমানা করা হয়। গেলসেনকির্খেন পুরসভার নিয়ম অনুযায়ী, শহরের খেলার মাঠগুলি ১৪ বছর বা তার কমবয়সি শিশুদের জন্য সংরক্ষিত। অভিভাবক ছাড়া কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশুদের সঙ্গে না থাকলে সেখানে প্রবেশ বা বসা নিষিদ্ধ।
পুর কর্তৃপক্ষ এই কড়া নিয়মের কারণ হিসেবে শিশু অপহরণের ঝুঁকি কমানো এবং মাঠের অননুমোদিত ব্যবহার রোধ করার কথা জানিয়েছে। এমনকি ভবিষ্যতে এই জরিমানার অঙ্ক আরও বাড়ানোর প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। তবে পুরসভার এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, যখন একজন মানুষ মানসিক অবসাদে একা সময় কাটাতে চাইছেন, তখন তাঁকে সাহায্য না করে জরিমানা করা অমানবিক। দীর্ঘদিনের বাসিন্দারা জানিয়েছেন, আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। যদিও পুরসভা তাদের সিদ্ধান্তে অনড় থেকে জানিয়েছে, খেলার মাঠ শুধুমাত্র শিশুদের জন্যই এবং নিয়ম ভাঙলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।