বিনামূল্যে পরিষেবা, তবু গুগলের পকেটে আসে কোটি কোটি টাকা: কীভাবে সম্ভব?

গুগল তার ব্যবহারকারীদের জন্য বহু পরিষেবা বিনামূল্যে সরবরাহ করে। কিন্তু এই বিনামূল্যে পরিষেবা দেওয়ার পরেও কীভাবে সংস্থাটি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে, সেই প্রশ্ন অনেকের মনেই জাগে। এর মূল কারণ হলো বিজ্ঞাপন।
যখন কোনো ব্যবহারকারী গুগলে কিছু সার্চ করেন, তখন সার্চ ফলাফলের একেবারে উপরে ‘স্পনসর্ড’ বা ‘অ্যাড’ লেখা কিছু লিঙ্ক দেখা যায়। বিভিন্ন সংস্থা তাদের পণ্য বা পরিষেবার প্রচারের জন্য গুগলকে এই অর্থ প্রদান করে। বিজ্ঞাপনের ধরন অনুযায়ী, ব্যবহারকারীর ক্লিক অথবা প্রদর্শনের ভিত্তিতে এই আয় নির্ধারিত হয়।
বিজ্ঞাপন ছাড়াও ইউটিউব গুগলের আয়ের অন্যতম প্রধান মাধ্যম। ভিডিওর শুরুতে বা মাঝে দেখানো বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনদাতারা অর্থ দেন। এছাড়া, বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুবিধা দিতে চালু রয়েছে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
গুগল ক্লাউড পরিষেবা থেকেও সংস্থাটি বড় অঙ্কের আয় করে, যা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ ও ওয়েবসাইট পরিচালনার কাজে ব্যবহৃত হয়। গুগল প্লে স্টোরে অ্যাপ, গেম ও ডিজিটাল পরিষেবা কেনাবেচার ক্ষেত্রেও নির্দিষ্ট লেনদেনের একটি অংশ গুগল পায়।
পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক ক্ষেত্রে পেশাদার ব্যবহারের জন্য গুগল ওয়ার্কস্পেসের সাবস্ক্রিপশন পরিষেবা থেকেও আয় আসে। সব মিলিয়ে বিজ্ঞাপন, সাবস্ক্রিপশন, ক্লাউড পরিষেবা এবং ডিজিটাল লেনদেনের সমন্বয়েই গুগলের বিশাল বাণিজ্যিক কাঠামো গড়ে উঠেছে।