লস্করের নামে হায়দরাবাদে ২৬/১১ ধাঁচে হামলার হুমকি, শহরজুড়ে হাই অ্যালার্ট

হায়দরাবাদে ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে বড়সড় নাশকতার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে। এই ইমেলটি লস্কর-ই-তৈবার সদস্য বলে দাবি করা এক ব্যক্তি পাঠিয়েছে। ইমেলটিতে শহরের কাচিগুড়া রেলওয়ে স্টেশন এবং হোটেল ট্যুরিস্ট প্লাজায় বিস্ফোরণ ঘটানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই হামলায় অন্তত ৩০০ জনকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ইমেলটিতে দাবি করা হয়েছে, গত ১৮ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর জঙ্গি লতিফ ভাট ও তার সহযোগীদের মৃত্যুর বদলা নিতেই এই নাশকতার ছক কষা হয়েছে। এই হুমকি বার্তার পরেই হায়দরাবাদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যুগ্ম কমিশনার শহরের উচ্চপদস্থ আধিকারিকদের সতর্ক করে বিশেষ বার্তা পাঠিয়েছেন।
হুমকি পাওয়ার পর থেকেই হায়দরাবাদ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাচিগুড়া রেল স্টেশন ও হোটেল ট্যুরিস্ট প্লাজার পাশাপাশি শহরের জনবহুল এলাকা, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলিতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা পরিত্যক্ত সামগ্রীর ওপর বিশেষ নজর রাখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন নাশকতা-বিরোধী তল্লাশি শুরু করেছে এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। ইমেলটির উৎস এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে হায়দরাবাদ পুলিশ ও গোয়েন্দা শাখা। পরিস্থিতি মোকাবিলায় শহরের সর্বত্র পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।