ভবানীপুর থানায় প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

ভবানীপুর থানায় প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

গুজরাটিদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ভবানীপুর থানা। শনিবার দুপুর ১২টা ২৩ মিনিটে তিনি থানায় পৌঁছান এবং বিকেল সাড়ে চারটার দিকে জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বেরিয়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে থানার বাইরে উত্তেজনা তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে একদল মানুষ ‘চোর’ স্লোগান দিলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে সেখানে তৃণমূল সাংসদের অনুগামীরাও ভিড় জমান।

ঘটনার সূত্রপাত গত ২ মে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি নষ্ট হতে পারে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি গত ২৭ মে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হিংসা ও গুজব ছড়ানো সহ একাধিক ধারায় দায়ের হওয়া সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে তলব করেছিল।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজনৈতিক লড়াইয়ে সুবিধা করতে না পেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর তিনি নিজের বাসভবনে ফিরে যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *