কৃষ্ণনগরের বুড়িমার মন্দিরে এবার সারাবছরই পুজো দেওয়া যাবে, বিশেষ উদ্যোগ কর্তৃপক্ষের

কৃষ্ণনগরের বিখ্যাত ‘বুড়িমা’র মন্দিরে ভক্তদের জন্য সুখবর। এতদিন জগদ্ধাত্রী পুজোর সময় বিশালাকার মূর্তি থাকলেও, বছরের বাকি সময় ভক্তরা কেবল বেদিতে প্রণাম করেই পুজো নিবেদন করতেন। এবার সেই প্রথা বদলে ভক্তদের সুবিধার্থে মন্দিরে স্থায়ীভাবে দেবীর চরণ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে সারাবছরই ভক্তরা বুড়িমার চরণে পুজো দেওয়ার সুযোগ পাবেন।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতুর তৈরি চরণদ্বয় একটি কাঁসার থালায় স্থাপন করা হচ্ছে। আগামী ১৮ নভেম্বর বাৎসরিক পুজোর দিন এই নতুন চরণের উদ্বোধন করা হবে। এরপর থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দু’বেলা নিয়ম মেনে চরণে পুজো চলবে। কোটি কোটি ভক্তের আবেগের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা।
উল্লেখ্য, এর আগে নৈহাটির বড়মার মন্দিরেও একইভাবে স্থায়ী কষ্টিপাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। কৃষ্ণনগরের বুড়িমার মন্দিরেও সেই আদলেই ভক্তদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হচ্ছে। ১৮ নভেম্বরের পর থেকে মন্দিরে গেলেই ভক্তরা এই চরণে পুজো দিতে পারবেন, যা কৃষ্ণনগরের মন্দির দর্শনের ক্ষেত্রে এক নতুন সংযোজন হতে চলেছে।