শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশকে দুই শর্ত দিল নয়াদিল্লি, দাবি রিপোর্টে

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশকে দুই শর্ত দিল নয়াদিল্লি, দাবি রিপোর্টে

প্রায় দু’বছর আগে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার এই সিদ্ধান্তের পেছনে ভারতের সম্মতি রয়েছে। নয়াদিল্লি মনে করছে, বর্তমান পরিস্থিতিতে হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়াই বাস্তবসম্মত। তবে তাঁর ফেরা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে ভারত দুটি প্রধান শর্ত দিয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হলো, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে নিজস্ব বিমান পাঠাতে হবে, যেভাবে তিনি ভারতে এসেছিলেন। দ্বিতীয়ত, দেশে ফেরার পর হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার ক্ষেত্রে তাঁকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নতুন করে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিতে হবে। ভারতীয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের মতে, হাসিনাকে সরাসরি বিপদের মুখে ঠেলে দেওয়া ভারতের পক্ষে সম্ভব নয়, তাই তাঁর নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করাই এই শর্তগুলোর মূল উদ্দেশ্য।

এই বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। অন্যদিকে, বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকেও এই শর্তাবলি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন যে, হাসিনার জন্য বিভিন্ন দেশের দরজা বন্ধ হয়ে গেছে। এর আগে গত ৯ নভেম্বর হাসিনা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির জটিলতা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরেই নয়াদিল্লি এই পদক্ষেপ নিয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে থাকা সুসম্পর্ককে কাজে লাগিয়ে হাসিনার ফেরা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চায় ভারত। যদি শেষ পর্যন্ত হাসিনা ফিরতে না পারেন, তবে ভারত অন্তত এটি দাবি করতে পারবে যে তারা উদ্যোগী ছিল, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *