দিল্লিতে সভা-সমাবেশ নিয়ন্ত্রণে নতুন এসওপি তৈরির উদ্যোগ দিল্লি পুলিশের

দিল্লিতে সভা-সমাবেশ নিয়ন্ত্রণে নতুন এসওপি তৈরির উদ্যোগ দিল্লি পুলিশের

দিল্লিতে সভা-সমাবেশ ও জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরির উদ্যোগ নিয়েছে দিল্লি পুলিশ। মূলত ভিড় সামলানো, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই খসড়া নিয়মাবলী তৈরি করা হয়েছে। বর্তমানে প্রস্তাবটি অনুমোদনের জন্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে, তবে নিয়মগুলি এখনও চূড়ান্ত হয়নি।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, রামলীলা ময়দানে কোনো কর্মসূচি আয়োজনের আগে আয়োজকদের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছ থেকে মাঠ ফাঁকা থাকার লিখিত নিশ্চয়তা নিতে হবে। অনুষ্ঠানের অন্তত ১০ দিন আগে পুলিশের কাছে অনুমতির আবেদন করতে হবে। এছাড়া যানজট এড়াতে পার্কিংয়ের ব্যবস্থা এবং অংশগ্রহণকারীদের ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করার দায়িত্বও আয়োজকদের ওপর বর্তাবে। জরুরি পরিষেবার গাড়ি চলাচলের পথ সবসময় খোলা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলে আগ্নেয়াস্ত্র বা যেকোনো ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ড্রোন ওড়ানোর জন্য প্রশাসনের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আয়োজকদের পর্যাপ্ত পানীয় জল, প্রাথমিক চিকিৎসা ও শৌচাগারের ব্যবস্থা করতে হবে এবং অনুষ্ঠান শেষে মাঠ পরিষ্কার রাখার দায়িত্বও তাদেরই পালন করতে হবে। উল্লেখ্য, সম্প্রতি যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিয়ে রামলীলা ময়দানসহ তিনটি স্থানকে সমাবেশের জন্য নির্দিষ্ট করেছে দিল্লি পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *