গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর

গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শিমলার বাসিন্দা তথা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে গত ১৩ নভেম্বর এই মামলাটি রুজু করে শিমলা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমলার পুলিশ সুপার গৌরব সিং। তিনি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

অভিযোগকারী অতুল শর্মার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা রানাউত তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর দুই পুত্র সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পোস্টে সনিয়া গান্ধীকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে। অভিযোগকারীর মতে, এই পোস্টটি রাজনৈতিক সমালোচনার সীমা অতিক্রম করেছে এবং এর মাধ্যমে সমাজে শত্রুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে পুলিশের ডিজিপির কাছে অভিযোগ জানিয়ে কঙ্গনার পোস্টটির সাইবার-ফরেন্সিক তদন্তের দাবি জানানো হয়। সনিয়া গান্ধীর স্মৃতিগ্রন্থ প্রকাশের দিনই এই পোস্টটি সামনে আসায় তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *